বুধবার থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্লাস হবে ‘বু-এক্স’ প্লাটফর্মে

২৯ জুন, ২০২০ ১৬:১৩  
আগমী মাস থেকে হার্ভার্ড এমআইটি-এর মতো অনলাইন শিক্ষা পদ্ধতি চালু করছে ব্র্যাক ইউনিভার্সিটি। নিজেদের আইটি টিমের তত্ত্বাবধানে ডেভেলপ করা এই অনলাইন লার্নিং প্লাটফর্ম এর নাম দেওয়া হয়েছে ‘বিইউএক্স’ বা ‘বু-এক্স’ প্লাটফর্ম। ইতোমধ্যেই এখানে শিক্ষকেরা সকল কোর্স আপলোড করেছেন। অনলাইন এই প্লাটফর্মে টু-জি মানের দুর্বল ইন্টারনেট ব্যবস্থাতেও শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে স্বচ্ছন্দে ও মিথস্ক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং। শিক্ষা পদ্ধতির এই রূপান্তর কোর্স আধুনিকায়নের সুযোগ ঘটিয়ে আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে আশা করছেন তিনি। কীভাবে এই সেবাটি শিক্ষার্থী পাবেন জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের  ভিসি ডিজিবাংলাকে জানান, ‘বিইউএক্স’ -এ লেকচারগুলো রেকর্ডেড থাকবে। শিক্ষার্থীরা আইডি দিয়ে লগইন করে পাঠ গ্রহণ করবেন। দুই ঘণ্টার একটি ক্লাসকে ১০-১৫ মিনিটের ছোট ছোট পর্বে সাজানো হয়েছে। প্রতিটি লেকচার শেষে প্রশ্নোত্তর দিতে হবে। এরপর তারা পরবর্তী ক্লাসে যোগ দিতে পারবে। লেকচার ও অনুশীলন সময় উন্মুক্ত থাকবে। ক্লাস চলাকালীন সময় প্রশ্ন করার সুযোগ থাকছে। এটাও পরে রেকর্ড করে চালানো। ফলে কেউ ক্লাসে যোগ দিতে না পারেন, তবে সুযোগ মতো সেই ক্লাসটি করে নেবেন। ওই সময়ে কোনো প্রশ্ন থাকলে ই-মেইলে তা জেনে নিতে পারবেন। আর খুব কম ব্যান্ডউইথেও এটি চলবে বলে গ্রামে থাকলেও ক্লাস করতে কোনো সমস্যা হবে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, নিজস্ব ভিডিও কনফারেন্সিং টুলস ব্যবহার করে পাঠদান চলবে। ক্যাশ সার্ভারের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীর ব্যান্ডউইথ খরচও কম হবে। এছাড়াও মহামারিতেও শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর সাধ্যের মধ্যে রাখতে ইন্টারনেট প্যাকেজ এবং ব্রডব্যান্ড সহায়তা করা হবে। প্রয়োজন হলে দুস্থ শিক্ষার্থীদের হার্ডওয়্যার প্রদান করা হবে।